বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তফসিল অনুসারে আগামী ২৩ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: হাসান ফেরদৌস ২৩ সেপ্টেম্বর রিট করেন। রিটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চান তিনি।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী তীর্থ সলিল পাল ও নূরুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো: রাসেল চৌধুরী।
আইনজীবী তীর্থ সলিল পাল গণমাধ্যমকে বলেন, “হাইকোর্ট বিএফইউজের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে রিট আবেদনকারী হাসান ফেরদৌসের নাম ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। শ্রমসচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।”
এমবি





