লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ছবি তুলতে গিয়ে নতুন বার্তা ডটকম ও ডেইলি নিউ এজ-র লক্ষ্মীপুর প্রতিনিধি মো. ফারুক হোসেন উপজেলা ছাত্রলীগের এক নেতার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। ছাত্রলীগের ওই নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মামুন আখন।
এ সময় সাংবাদিক ফারুকের একটি নোকিয়া লুমিয়া মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রামগঞ্জ পৌরসভা ভবনের সামনে ওই হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফারুক হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা আওয়ামী লীগের কাউন্সিলের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন। পথে রামগঞ্জ পৌরসভা ভবনের সামনে রাখা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী এম এ তাহেরের সমর্থনে ৩৫-৪০টি গাড়ির একটি বহরের ছবি তুলতে গেলে হঠাৎ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মামুন আখন সাত-আটজন কর্মীসহ তার ওপর হামলা করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
এ সময় মামুন আখন অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ফারুক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, “তোর মতো সাংবাদিককে পিটিয়ে মেরে ফেললে কিছুই হবে না।” স্থানীয় লোকজনের হস্তক্ষেপে ফারুক প্রাণে রক্ষা পান।
ফারুক আরো জানান, বিগত সময়ে রামগঞ্জ বাস টার্মিনালে মামুন আখনের একচ্ছত্র আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও তার বাহিনীর লোকজনের বিরুদ্ধে ছিনতাই সিন্ডিকেটের সংবাদ প্রকাশের ঘটনায় মামুন আগে থেকে তার ওপর ক্ষিপ্ত ছিলেন।
হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু বলেন, “আমি পরে এসেছি। তাই কিছু বলতে পারি না।”
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন বলেন, “আমি লক্ষ্মীপুর সদরে আছি, তবে বিষয়টি জানতে পেরেছি।”
এএইচ





