নবগঠিত কমিটি প্রত্যাহারের দাবিতে আগামী ১৬ জুন জাতীয় প্রেস ক্লাব থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
তিনি বলেন, এদিন প্রেস ক্লাবকে অবৈধ দখলদারমুক্ত করতে আমরা সাংবাদিক সমাবেশের আয়োজন করেছি। সেখান থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, নির্বাচন কমিশনকে দেয়া হুমকির কারণেই আজ দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবে নির্বাচন হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, কারা আপনাদের হুমকি দিয়েছে, তাদের নাম প্রকাশ করুন। তদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।
আদালত নবগঠিত কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উল্লেখ তিনি বলেন, আমরা মনে করি আদালত প্রেস ক্লাবের গঠনতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে এই নোটিশ দিয়েছেন। তাদের উচিৎ মহামান্য আদালতের প্রতি সম্মান জানিয়ে সেই নির্দেশ মেনে চলা। প্রেস ক্লাব দখলমুক্ত করে বের হয়ে যাওয়া।
এ সময় ডিইউজে’র সভাপতি আব্দুল হাই শিকদার বলেন, প্রেস ক্লাবে আর কোনো মানুষ নাই, এটা ডাকাতের গ্রামে পরিণত হয়েছে। প্রেস ক্লাবের অবৈধ দখলদাররা পাগলা কুকুর হয়েছে। তাদেরকে টেনেহিঁচড়ে প্রেস ক্লাব থেকে বের করে দিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মীর হোসেন মীরসহ অন্যান্য সাংবাদিক নেতুবৃন্দ।
এমএ





