রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সারারাত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।
বিষয়টি বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বলেন, গতকাল সারারাত আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করি।
তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি শাহিন ফকির।
এর আগে মঙ্গলবার নিউজ টোয়েন্টিফোর এর গাড়ি ভাংচুর ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় বংশাল থানায় মামলা করা হয়। নিউজ টোয়েন্টিফোর এর প্রতিবেদক ফখরুল ইসলাম (৩০) বাদী হয়ে অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে বংশালের নয়াবাজার এলাকায় কাস্টমস কতৃর্পক্ষ অবৈধ বন্ডের পেপার কার্টিসের উপর অভিযান পরিচালনা করে। সেখানে সংবাদ সংগ্রহ করতে যান চ্যানেলটির একটি টিম।
এ সময় অজ্ঞাতনামা লোকজন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাদের ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে।
পরে পুলিশ অভিযান পরিচালনা করে নিউজ টোয়েন্টিফোর এর খোয়া যাওয়া একটি ক্যামেরা ও ব্যাকপ্যাক উদ্ধার করে।
এএস





