শরীয়তপুরে মো. বোরহান উদ্দিন রাব্বানী নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি।
এ ব্যাপারে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রব্বানী তার নিজ গ্রামের বাড়ি  জেলার নড়িয়া উপজেলার নশাসন মালত কান্দির বাড়ি থেকে  মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে দুই মেয়ে ও তার স্ত্রীসহ অসুস্থ্য শ্বশুরকে দেখার উদ্দেশে রওনা দেন।
বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর একই গ্রামের আবুল কালাম মালতের বাড়ির সামনের দোকানে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায় আবুল কালাম মীর মালত, শওকত মীর মালত, রবিউল মীর মালত ও ইলিয়াছ মীর মালতসহ ৭/৮ জন সন্ত্রাসী। এতে সাংবাদিক রাব্বানী মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এসময় সন্ত্রাসীরা তার ৩  বছরের শিশু বাচ্চা ছোঁয়া, ছয় মাসের শিশু হুমায়রা ও তার স্ত্রীর ওপরও হামলা চালায়। তাদের চিত্কারে দোকানের সামনে থাকা ও স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।
হামলাকারীরা বোরহান উদ্দিন রাব্বানীর সঙ্গে থাকা নগদ ২৭ হাজার টাকা ও তার স্ত্রীর গলায় থাকা শোয়া ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং মোটরসাইকেলটি ভাঙচুর করে।
এ ঘটনায় বোরহানউদ্দিন রাব্বানী বাদি হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা বুধবার সকাল ১০টায় নয়াদিগন্ত পত্রিকার জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় জেলার সকল কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ ব্যাপরে নড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, , অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে হামলার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]