জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান মিলনের কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকরা। একুশে পদকপ্রাপ্ত এই জনপ্রিয় সাংবাদিক-কলাম লেখকের মরদেহে শ্রদ্ধা জানান সকল স্তরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও জানানো হয় শেষ শ্রদ্ধা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর পক্ষে কফিনে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান।
এর আগে হাবিবুর রহমান মিলনের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোক বিবৃতিতে তিনি বলেন, হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে দেশের সাংবাদিকতার জগতে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হলো।
তিনি বলেন, বাক ও ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে হাবিবুর রহমান মিলনের অবদান, বিশেষ করে ১৯৭৫ এ জাতির পিতা বঙ্গবন্ধু-হত্যা পরবর্তী স্বৈরশাসনামলে তার দৃঢ় ও সাহসী ভূমিকা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বিএফইউজে'র সাবেক সভাপতি এবং বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) এর চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন শনিবার (১৩ জুন) দিনগত রাত ৩টায় রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন।
এএইচ





