তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, জেলা প্রশাসকদের (ডিসি) হাতে পত্রিকা বন্ধের ক্ষমতা দিয়ে আইন পাসের কোনো পরিকল্পনা সরকারের নেই।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ কথা জানান।
সংসদীয় কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহের সভাপতিত্বে বৈঠকে কমিটিরসদস্য মৃণাল কান্তি দাস অনির্ধারিত এ বিষয়ে আলোচনা উত্থাপন করেন।
তিনি ১৯৭৩সালের প্রেস অ্যান্ড পাবলিকেশন্স আইন পুনরুজ্জীবন করে ডিসিদের হাতেসংবাদপত্রের ডিক্লারেশন বাতিলের ক্ষমতা দেয়ার খবরে উদ্বেগ প্রকাশেরপাশাপাশি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
জবাবে মন্ত্রী জানান, এ ধরনের কোনো পরিকল্পনা সরকার বা মন্ত্রণালয়ের নেই। সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় উন্মাদনা বন্ধে এ ধরনের আইন প্রণয়নের জন্য একজন ডিসি প্রস্তাব করলেও তা নিয়ে মন্ত্রণালয় ভাবছে না।’ এ সংক্রান্ত পুরানো আইন পুরুজ্জীবিত হওয়ার কোনো আশঙ্কা নেই।
কমিটির সদস্য মৃণাল কান্তি দাস সাংবাদিকদের জানান, পত্রিকা বন্ধের বিষয়ে নতুন করে কোনো ক্ষমতা ডিসিদের দেয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।’
তিনি বলেন, ‘এটা আদৌ করা সম্ভব নয়, কারণ এটা করতে হলে তথ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।’
তিনি আরও জানান, সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টিতে কোনো পত্রিকা ভূমিকা রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব। তাই এ বিষয়ে নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই।’
কমিটি সূত্র জানায়, বৈঠকে কমিটির সুপারিশ সত্ত্বেও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিলে দুস্থ শব্দটি বাদ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা বলেন, দুস্থ শব্দটি অবমাননাকর। তাই ওই শব্দটি বাদ দিয়ে অস্বচ্ছল সাংবাদিক বা অন্য কোনো ভালো শব্দ ব্যবহারের সুপারিশ করা হয়। কিন্তু দুস্থ শব্দটি রেখেই আইনটি পাস করা হয়েছে।
এদিকে বৈঠকে বাংলাদেশ বেতারের সঙ্গীতসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংবাদ পাঠকদের সম্মানী বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে প্রচলিত নিয়মে চার শ্রেণীতে বিভক্ত না করে দুই শ্রেণীতে ভাগ করে শিল্পীদের ক্যাটাগরি নির্ধারণের জন্য বলা হয়েছে। একই সঙ্গে বেতারের শূন্য পদগুলো চলতি বছরের মধ্যেই পুরণের তাগিদ দেয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে নীতিমালা অনুসরণ করে কেবল অপারেটররা তাদের কার্যক্রম পরিচলনা করছে কি না- তা মনিটর করা এবং অবৈধভাবে পরিচালিত বিভিন্ন টিভি চ্যানেলের প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর, জেএ





