বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ‘পাক্ষিক অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু আর নেই।

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

মনুর পারিবারিক বন্ধু ও সহকর্মী পারভীন সুলতানা ঝুমা এ খবর নিশ্চিত করেন। নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পারিবারিক সূত্র জানায়, রাত একটার দিকে শ্বাস কষ্ট শুরু হলে দিল মনোয়ারা মনুকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভীন সুলতানা ঝুমা জানান, বাদ জোহর দিল মনোয়ারা মনুর জানাজা হবে লালমাটিয়ার বিবি মসজিদে। এরপর তাকে তার সংগঠন কচিকাঁচার মেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়ার পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৭৪ সালে দিল মনোয়ারা মনু সাংবাদিকতায় যুক্ত হন। সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু।

এরপর ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্রসহ নানা সংগঠনে সক্রিয় ছিলেন।

এএস