মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগরে উপজেলা আওয়ামী লীগের নেতাদের আগে প্রেসক্লাবের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করায় লাঞ্ছনার শিকার হয়েছেন সাংবাদিকরা। লাঞ্ছনার প্রতিবাদে মুজিবনগরে বিজয় দিবসের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের সংবাদ সংগ্রহ করতে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সে লক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পরে মুজিবনগর প্রেসক্লাবের পক্ষ থেকে আজ পুষ্পমাল্য অর্পণ করা হয়। সঙ্গে সঙ্গে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস শত শত জনতার সামনে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের আগে ফুল দেওয়ার সাহস তোদের কে দিয়েছে?’ এ সময় সাংবাদিক শফি কিছু বলতে চাইলে তিনি বলেন, ‘তুই কে? যদি ফুল দেওয়ার এতই ইচ্ছে থাকে তবে আওয়ামী লীগের ব্যানারে এসে ফুল দে।’

সাংবাদিক লাঞ্ছনার পর থেকে বিজয় দিবসের সব কর্মসূচি বর্জন করে মুজিবনগরের সাংবাদিকরা স্মৃতিসৌধে অবস্থান নেন তারা।

এবিষয়ে বিবৃতি দিয়েছে মুজিবনগর প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স বলেন, ‘যেকোনো জাতীয় অনুষ্ঠানে ফুল দেওয়ার অধিকার আমাদের সবার আছে। কিন্তু উপজেলা চেয়ারম্যান আমাদের সঙ্গে এ রকম আচরণ করায় আমরা সাংবাদিকরা লজ্জিত। যে কারণে আমাদের সহকর্মীদের সম্মান রক্ষার্থে আমরা বিজয় দিবসের সব অনুষ্ঠান বয়কট করেছি।’

এমএম