মঙ্গলবার দুপুরে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভাটি কলকিহারা, বাঘাডোবা, ফকিরপাড়া, শান্তিনগরসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম ও লেপু মিয়া। তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনের কারণে মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া, শান্তিনগর, বাঘাডোবা ও ভাটি কলকিহারা গ্রামসহ প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে বসতবাড়ি, ফসলি জমি এবং অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে শত শত পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা আরও বলেন, নদীর তীব্র ভাঙনের কারণে পাঁচটি গ্রাম মানচিত্র থেকে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ সময় মানববন্ধন থেকে অবিলম্বে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি সরকার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আরও বৃহত্তর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।
এমএম