বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বেতগাড়ী ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক ভালোবাসায় বিদায় জানানো হয় প্রিয় এই শিক্ষককে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল হক, বালাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. ফারুক এবং শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম চান। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বেতগাড়ী ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, মো. আজহার হোসেন শাহ শুধু একজন প্রধান শিক্ষকই নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু, দক্ষ সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব। সততা, শৃঙ্খলা, কর্মনিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা বিদ্যালয়কে একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর অবদান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বেতগাড়ী ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দের পক্ষ থেকে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে একটি শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়। এতে শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান, নেতৃত্বগুণ, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি রিয়াদুন্নবী রিয়াদ বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করেন।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. আজহার হোসেন শাহ বলেন, “শিক্ষকতা আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় ও গর্ব। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা কখনো ভোলার নয়। অবসর নিলেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করব।”
অনুষ্ঠানের শেষপর্বে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসরজীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা এ বিদায়ী আয়োজন উপস্থিত সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
এমএম
এমএম