চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ সাতজন ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) এএসএম ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, চলতি মাসের বিভিন্ন সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন। তবে ইতোমধ্যে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। তবে আক্রান্তরা সবাই জেলার বাইরে ছিলেন।
তিনি আরও জানান, তাদের মধ্যে একজন ঢাকাতে আক্রান্ত হয়েছেন। বাড়ি ফেরার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা জোন খোলা হয়েছে। একই সঙ্গে মশারির মধ্যে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চুয়াডাঙ্গায় ডেঙ্গু রোগের বাহক এডিস মশার এখনও কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
এবিএস





