সোমবার রাতে স্বামী শাহ আলম শেখ বাবু ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর বুধবার আদালতের মাধ্যমে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম।
এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন তাসলিমা খানম। তারপর থেকে ওই ঘরেই দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন স্বামী-স্ত্রী। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। এছাড়া স্বামী শাহ আলমের কাছে শারীরিক নির্যাতনের শিকার হতেন স্ত্রী তাসলিমা। এর জের ধরে গত সোমবার রাতে আশ্রয়ণ প্রকল্পের বসতঘরে আগুন ধরিয়ে দেন শাহ আলম। পরে স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর দুই দিন পর বুধবার আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলমকে তালাক দেন স্ত্রী তাসলিমা।
স্ত্রী তাছলিমা খানমের অভিযোগ করে বলেন, ‘স্বামী শাহ আলম শেখ বাবু যা রোজগার করে, সেই টাকা দিয়ে নিয়মিত মাদক সেবন করে। তিনি ভোরণ-পোষণ তো দেয়ই না, বরং নেশা করে উল্টো প্রায়ই মারধর করে। যে ব্যক্তি নিজের বসতঘরে আগুন দেয়, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব না।’
তিনি আরও বলেন, ‘মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু ঘরে আগুন দেওয়ার মধ্য দিয়ে সে সব সীমা ছাড়িয়ে গেছে। তাই আদালতে গিয়ে আইনানুগভাবে তাকে তালাক দিয়েছি।’
এ বিষয়ে স্বামী শাহ আলম শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, সরকারি যে কোনো স্থাপনায় আগুন দেওয়া অপরাধ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএম