মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে রাণীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের এজাহার সূত্রে জানা যায়, বাসের ‘এ-৪’ আসনে বসে ছিলেন ননী গোপাল বিশ্বাস। তাঁর দেহ তল্লাশির পর জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের মাঝামাঝি অংশের নিচের লকারে থাকা একটি ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগটির বিশেষ একটি চেম্বার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এজাহারে বলা হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০টি এবং সবুজ রঙের ৫০টি ট্যাবলেট রয়েছে। সব মিলিয়ে ইয়াবার সংখ্যা ৪ হাজার ৯৭০টি এবং ওজন ৪৯৭ গ্রাম।

রাসায়নিক পরীক্ষার জন্য উদ্ধার হওয়া ইয়াবার দুটি ট্যাবলেট নমুনা হিসেবে আলাদা করে রাখা হয়েছে। এ সময় ইয়াবা, ট্রলি ব্যাগসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এজাহার অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ননী গোপাল বিশ্বাস ইয়াবাগুলো নিজের বলে স্বীকার করেছেন। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় বিক্রির উদ্দেশ্যে ইয়াবা সংরক্ষণের অভিযোগে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করার জন্য এজাহার দেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এজাহারে ননী গোপাল বিশ্বাসের স্থায়ী ঠিকানা দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকায় এবং বর্তমান ঠিকানা ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মন্দিরপাড়া এলাকায় উল্লেখ করা হয়েছে।

এমএম