বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকায় খামারি মো. মোস্তাক মিয়ার গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
মোস্তাক মিয়া জানান, তার গোয়ালঘরে মোট সাতটি গরু ছিল। প্রতিদিনের মতো রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন, গোয়ালঘরে আগুন জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে একটি গরু মারা যায় এবং বাকি ছয়টি গরু গুরুতর দগ্ধ হয়।
তিনি বলেন, দগ্ধ গরুগুলোর চিকিৎসা চলছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুগুলো কিনে লালন-পালন করছিলেন। আগুনে তার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোস্তাক মিয়ার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার গোয়ালঘরে আগুন দিয়েছে। স্থানীয় বাসিন্দারাও একই ধরনের সন্দেহ প্রকাশ করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএম