বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কালাম মুন্সী ও শাহজাহান মাতুব্বর রয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরদিয়া গ্রামে কালাম মুন্সীর সমর্থকদের সঙ্গে নুরইসলাম মুন্সীর সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী তাঁর ফসলের জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করেন। এ ঘটনার জেরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর সমর্থকদের সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বক্তব্য জানতে কালাম মুন্সী ও নুরইসলাম মুন্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কালাম মুন্সীর ফসলের জমিতে বেড়া দেওয়া নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস











