logo
Search

সারাদেশ

ঢামেকের জরুরি বিভাগ

২ ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৫৮ বছর। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, সকাল ১০টার দিকে হাসপাতালের স্টাফদের মাধ্যমে খবর পাই, জরুরি বিভাগের গেটের পাশে অজ্ঞাতপরিচয় দুই নারী পড়ে আছেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা এসে দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমএম