পাবনার চাটমোহর উপজেলায় পড়াশুনা করা সময় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুই কিশোর।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আটক দুই বখাটে হলো বনগ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭) ও হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৬)।

অ্যাসিডদগ্ধ সবুরা বনগ্রামের সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রীর বাবা সলিলুর রহমান অভিযোগ জানান, শুক্রবার রাতে ঘরে পড়াশোনা করছিল সবুরা। ঘরের দরজা খোলা ছিল। এ সময় তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালানোর সময় রতন ও রিপনকে আটক করে স্থানীয়রা। পরে এসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কী কারণে এসিড নিক্ষেপ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমএম