সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি শেষে ৩৫ কার্যদিবসে ৪৯ হাজার ৭৫০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) মোহাম্মদ সাইফুর রহমান জানান, এর মধ্যে গত ২৮ জুন থেকে গতকাল (২ জুলাই) পর্যন্ত সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১০ হাজার ৮৬৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪ হাজার ৯৬০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা জানান, ভার্চুয়াল কোর্ট চালুর পর অধস্তন আদালতে গত ১১ মে থেকে গতকাল (০২ জুলাই) পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারাদেশে মোট ৯৫ হাজার ৫২৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৭৫০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

সাইফুর রহমান আরও জানান, এ সময়ের মধ্যে ভার্চুয়াল শুনানিতে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬০৮ জন। এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহায়তায় আভিভাবকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে জামিন প্রাপ্ত ৫৮৩ জন শিশুকে।

করোনার সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে ০৯ মে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরোনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়।

এমবি