নয় বছর আগে দুই বাংলাদেশি নারীকে হয়রানির দায়ে ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিট আবেদনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন রিপন বাড়ৈ ও সঞ্জয় মণ্ডল। ইতিহাদের কান্ট্রি ম্যানেজারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি ও মো. আজিজ উল্লাহ ইমন।

মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশি দুই নারী তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যূথীকে ২০১১ সালের ২৮ জুন আবুধাবি এয়ারপোর্টে আটক ও হয়রানি-নির্যাতনের ঘটনায় ইতিহাদ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই বছরের ১৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

দীর্ঘদিন রুল শুনানি শেষে মামলাটি আজকে রায়ের জন্য নির্ধারিত ছিল বলে জানান আইনজীবী। তিনি আরো বলেন, প্রত্যেক নারীকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এমআর