ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সাবেক এক শিক্ষকের গাড়িচাপায় এক নারীর মৃত্যুর ঘটনাকে অমানবিক এবং নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারুকলা অনুষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, এটা খুবই মর্মান্তিক, অমানবিক এবং নিষ্ঠুর একটি ঘটনা। যিনি এ ঘটনা ঘটিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। আমি উপাচার্য হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম।

‌‌‘ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবনায় আছে,’ বলেও যোগ করেন তিনি।

এর আগে, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি প্রাইভেটকার এক নারীকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে অনেকটা পথ টেনে নিয়ে যায়। এই ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। রুবিনা আক্তার নামের ওই নারী রাজধানীর তেজগাঁও এলাকার বাসিন্দা। এদিন বিকেলে তেজগাঁও থেকে দেবরের সঙ্গে হাজারীবাগে বাবার বাসায় যাচ্ছিলেন তিনি।

এ ঘটনার পর প্রাইভেটকারের চালক আজহার জাফর শাহকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিএস