বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা হিসেবে ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসে সমান পাঁচ কিস্তিতে পরিশোধ করতে রবি আজিয়াটার প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে রবির করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রবির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, আইনজীবী তানজীব উল আলম ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম।
আর বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব। পরে কাজী এরশাদুল আলম জানান, পাঁচ মাসের সমান কিস্তিতে ১৩৮ কোটি টাকা দিতে বলেছেন হাইকোর্ট। প্রথম কিস্তি ৩০ জানুয়ারির মধ্যে দিতে হবে।
গতবছরের ২০ অক্টোবর কাজী এরশাদুল আলম জানিয়েছিলেন, গত বছরের ৩১ জুলাই ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে।
একই সঙ্গে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।
পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন।
ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রবি। ২০ অক্টোবর রোববার হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন।
এএস





