বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনটি মামলায় হাইকোর্টে জামিনের আবেদন দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে এই আবেদন দায়েরের জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ থেকে অনুমতি নেওয়া হয়েছে। 

বিএনপির সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এই অনুমতি নেন। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল প্রমুখ।

বদরুদ্দোজা বাদল জানান, কুমিল্লার দুটি মামলায় এবং নড়াইলের একটি মামলায় জামিনের আবেদন দাখিলের জন্য অনুমতি নেওয়া হয়েছে। পরে হাইকোর্টে আবেদন দায়ের করা হয়। আগামীকাল সোমবার মামলাগুলোর শুনানি হতে পারে। 

এর আগে গত বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নেওয়ার এবং চারটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন রয়েছে।