সংসদ সদস্যরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি থাকতে পারবেন না বলে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট।
আজ (রবিবার) এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ (২) ও ৫০ ধারাকে বাতিল করে ওই রায় দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, ওই প্রবিধানের ৫ ধারার ক্ষমতা বলে স্থানীয় সংসদ সদস্যরা ৪টি বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে পারতেন।
এদিকে, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটিও বাতিল করেছে আদালত। এ বিশেষ কমিটির প্রধান স্থানীয় সংসদ সদস্য এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
পাশাপাশি ওই কমিটি ভেঙ্গে দিয়ে এডপ কমিটি গঠন করতে বলেছে আদালত। এ কমিটি গঠনের ৬ মাসের মধ্যে স্কুল ম্যানেজিং কমিটিকে নির্বাচন দেয়ারও আদেশ দিয়েছে হাইকোর্ট।
প্রবিধান মালার ৫০এর ৫ ধারায় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ওই দুটি ধারাকে কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না- এ বিষয়ে রুল জারি করে। ওই রুলের চুড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেয়।
হাইকোর্টের ওই রায়ের ফলে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান পদে এমপিদের থাকার কর্তৃৃত্ব আর থাকল না। তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এআই/কেবি





