রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তৃতীয় দফায় ১ দিনের রিমান্ড শেষে শনিবার দুপুর পৌনে ১২টায় পরীমণিকে আদালতে আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার পরীমণিকে কারাগারে আটক রাখার জন্য এদিন আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
আবেদনে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।
অন্যদিকে, অ্যাডভোকেট মুজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা আদালতে পরীমণির সঙ্গে কথা বলা জন্য আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (২১ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটে পরীমণিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। পরে বিকাল পৌনে ৩টায় তাকে এজলাসে হাজির করা হয়।
গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমণির একদিন, গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত ২ দিন এবং গত ০৫ আগস্ট একই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন । তিন দফায় মোট পরীমণিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ০৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়।
এমবি





