সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসন শিপলু জানান, সভায় ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন চিহ্নিত করা, ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি।

সভায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, নির্মাণবিধি অনুসরণ এবং জরুরি উদ্ধারব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এস