মানিলন্ডারিং মামলায় ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও তার দুই ভাইসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ (২৩ ফেব্রুয়ারি) রোববার সকালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান।
ফারুক আহমেদ জানান, খালেদসহ ৬ জনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক কারবার, সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ক্যাসিনো ব্যবসা থেকে অবৈধ আয়ের প্রাথমিক প্রমাণ মিলছে।
তাই আসামি খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ৬ আসামির বিরুদ্ধে মানিলন্ডারিং মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযুক্ত আসামির হলেন- খালেদ মাহমুদ ভূঁইয়া, মাসুদ মাহমুদ ভূঁইয়া, হাসান মাহমুদ ভূঁইয়া, হারুন রশিদ, শাহাদৎ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ উল্ল্যাহ খান।
জানা গেছে, খালেদ মাহমুদ ভূঁইয়ার নামে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযোগ আরও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে ‘ফরেন একচেঞ্জ রেগুলেশনস আ্যাক্ট-১৯৪৭’ -এ মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর র্যাব বাদী হয়ে খালেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে গুলশান ও মতিঝিল থানায় চারটি মামলা দায়ের করে।
এমবি





