এসবি গ্রুপের চেয়ারম্যানসহ ৩ কোম্পানীর প্রধানকে কৃষি ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।

বুধবার দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার এ তলবি নোটিশ পাঠিয়েছেন। নোটিশ প্রাপ্তদেরকে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন, এসবি গ্রুপের চেয়ারম্যান শাহজাহান বাবলু, পদ্মা ব্রিচিং এ্যান্ড ডাইং লিমিটেডের চেয়ারম্যান শহীদ রেজা এবং মনো ফিড মিলস লিমিটেড ও মনো হ্যাচারি লিমিটেডের এমডি এ কে এম বাশার।

দুদকের পরিচালক মো. নূর আহমেদের তত্ত্বাবধানে উপ-পরিচালক সেলিনা আখতার এ অভিযোগ অনুসন্ধান করছেন বলে জানা যায়।

আরো জানা যায়, কৃষি ব্যাংকের এজিএম এজহারুল হক ভুইয়ার বিরুদ্ধে অন্যান্যদের যোগসাজসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুসন্ধানে ওই তিন কোম্পানির প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

একে/এসএইচ