রাজধানীর ধানমন্ডি এলাকার শংকর, জিগাতলা ও হাজারীবাগের নয় রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের একটি ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুর ২টার দিকে র্যাব-২ এর একটি ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন র্যাব-২ এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক এএসপি মারুফ আহমেদ।
তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি থানাধীন শংকর ও জিগাতলা এলাকার সিটি ক্যাফে, তুষার হোটেল, সুনামী ইফতার বাজার, সুনামী ইফতার বাজার-২, হোটেল ডার্লিং পয়েন্ট, ধানমন্ডি ভাতের ঘর-১ ও ২, হাজারীবাগ ভাতের ঘর, ধানমন্ডি চা ঘরে এ মোবাইল কোর্ট চালানো হয়।
তিনি বলেন, এ সময় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন মানের খাদ্য দ্রব্য তৈরী, বিক্রয় ও সংরক্ষনের অপরাধে সিটি ক্যাফেকে ৫০হাজার টাকা, তুষার হোটেলকে এক লক্ষ টাকা, সুনামী ইফতার বাজারকে ৫০ হাজার টাকা, হোটেল ডার্লিং পয়েন্টকে ২০ হাজার টাকা, ধানমন্ডি ভাতের ঘর-১ কে তিন হাজার টাকা, ধানমন্ডি ভাতের ঘর-২ কে তিন হাজার টাকা, হাজারীবাগ ভাতের ঘরকে তিন হাজার টাকা, ধানমন্ডি চা ঘরকে দুই হাজার টাকা করে সর্বমোট নয়টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-২ উপ-পরিচালক ড. দিদারুল আলম এর নেতৃতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বলেও জানান এএসপি মারুফ।
এমআর





