আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় দায়ের করা দুই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান আকন্দ।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে নুর হোসেন ছিলেন সাক্ষ্যে এমন কোনো বক্তব্য উঠে আসেনি। এমন কি র‌্যাবের অভিযুক্ত সদস্যরা বলেছেন, তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে।

এ ছাড়াও কাউন্সিলর নজরুলের স্ত্রীর করা মামলা হয়েছে ঘটনার ১২দিন পরে। ওই মামলায় এজাহারে কারো নাম নেই। তাই নূর হোসেনের বিরুদ্ধে এ মামলা চলতে পারে না। এ জন্য মামলা দুটি বাতিলে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিলে সাত খুনের পর এই মামলার প্রধান আসামী নূর হোসেন ভারতে পালিয়ে গেলে সরকার তার বৈধ অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করে।

পরবর্তীতে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে বিশেষ ট্রাইব্যুনালে নূর হোসেনের বিরুদ্ধে লাইসেন্স বাতিল হওয়ার পরও অস্ত্র জমা না দেয়ায় একটি এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে পুলিশ বাদি হয়ে আরো দুইট মামলা করে।

এমবি