বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম দায়িত্বে থাকাকালীন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একুশে টিভির চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে আবদুস সালাম বিভিন্ন সময় প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাত করেছেন-এমন অভিযোগে ২ মার্চ দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাদি হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।
ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলমের আদালতে বৃহস্পতিবার তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। অপরদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানান।
শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২০১৪ সালের ২৬ নভেম্বর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান আসামি করে করা একটি রাষ্ট্রদ্রোহের মামলায়ও তাকে আসামি করা হয়।
৮ অক্টোবর এক নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে একুশে টেলিভিশন লিমিটেডের শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এতদসংক্রান্ত সব কিছু কিনে নেয় এস আলম গ্রুপ। ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির পরিচালকমণ্ডলীর এক সভায় পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসে। বর্তমানে একুশে টিভির পরিচালনা পর্ষদে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এবং আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ আগস্ট ৪-দলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়। ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসে একুশে টেলিভিশন ।
এমই





