ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
এদিন দুদকের তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের ডিওএইচএস ও কাকরাইলের দু’টি ফ্ল্যাট ক্রোকের জন্য আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ ওই দু’টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন।
দূর্নীতি দমন কমিশনের (দুদক) পরিদর্শক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ নভেম্বর এই মামলায় সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
গত বছরের ১২ নভেম্বর দুদক উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এমবি





