নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার মামলায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বুধবার আসামির করা আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃ্ত্বাধীন বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিচারিক আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীকে ফাঁসির রায় দেন। তবে এই মামলার অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় এই দুজনকে অব্যাহতি দেওয়া হয়। আরেক আসামি বাংলা ভাইয়ের স্ত্রী ফারজানাকে খালাস দেয় আদালত।

এর আগে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

ওই ফাঁসির রায়ের বিরুদ্ধে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির আপিল করলে সেই আপিলের শুনানি শেষে আদালত আজ পনিরের ফাঁসি বহাল রাখেন।

২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলা হয়।

এম আর