রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজম্যান’ নামের একটি ই-মেইল আইডি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বার্তাটি পাঠানো হয়।
ই-মেইলে আগামী মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশ এটিকে বড় ধরনের কোনো হামলার সম্ভাবনা হিসেবে দেখছে না। তাদের ধারণা, ই-মেইলের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়ে থাকতে পারে।
হুমকির বার্তা পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় ব্র্যাক ইউনিভার্সিটি। সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিভিন্ন পক্ষের সহযোগিতা চেয়ে ই-মেইলটি ফরওয়ার্ড করা হয়। পাশাপাশি ঘটনাটি উল্লেখ করে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, হুমকির উৎস শনাক্ত করতে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার টিম।
ই-মেইল বার্তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঠিকানা উল্লেখ করে হামলার হুমকি দেওয়া হয়। বার্তায় বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা হামলা’ চালানো হবে। হামলাকারী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া ব্যক্তি আরও দাবি করে, তাকে দেখলেও আসন্ন হামলা ঠেকানো সম্ভব হবে না।
ঘটনার বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছে না পুলিশ। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ডিবির সাইবার টিম বিষয়টি তদন্ত করছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট থানা থেকে জিডির বিষয়টি তাদের কাছে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এনএইচ











