দি আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মো. রফিকুল আলম ও সম্পদক মো. লুৎফর রহমানকে জিজ্ঞাসাবদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহকদের কাছ থেকে ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের আগামী ১৬ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক ও অভিযোগটির অনুসন্ধানী কর্মকর্তা হামিদুল হাসান তাদের তলব করে নোটিশ পাঠান।
সূত্রটি আরো জানায়, দি আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল আলমের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে ৭০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ আছে। অভিযোগে বলা হয়, তিনি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে অধিক লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে তারা এ টাকা আত্মসাৎ করে।
প্রথমে অভিযোগটি এলে দুদকের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিনকে এর অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু তিনি অন্য অনুসন্ধান কাজে ব্যস্ত থাকায় অভিযোগটি অনুসন্ধানের জন্য গত বছরের ১১ জুলাই আরেক উপ-পরিচালক রাহিলা খাতুনকে দায়িত্ব দেয়া হয়। পরে একই হেতুতে অনুসন্ধানটি দীর্ঘ দিন বন্ধ থাকার পর এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয় উপ-পরিচালক হামিদুল হাসানকে। আর তিনি দীর্ঘ দিনের পরে থাকা অনুসন্ধানের শুরুতেই ব্যাংকটির চেয়ারম্যান ও সম্পাদককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন।
জেআই





