কিশোর ম্যাগাজিক ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ বেশ কয়েকজনকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

তবে ক্ষতিপূরণের অর্থ প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদককে দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (০১ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে দৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র অনুষ্ঠানে উপস্থিত একই স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত (১৫) অনুষ্ঠান চলাকালে রাত ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

জানা যায়, শুক্রবার কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসেছিলেন শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত। পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জন চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় কলেজটির সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে রোববার (০৩ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ নোটিশটি পাঠিয়েছেন।

ওই ঘটনায় ক্ষতিপূরণের ১০ কোটি টাকা নিহত আবরার রাহাতের পরিবারকে হস্তান্তর করতে বলা হয়েছে। নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদকের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এসময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।  

এমবি