কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি টাকায় প্রায় ১৪০ কোটি) জব্দ হচ্ছে। এই টাকা ফ্রিজ করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন পাবলিক প্রসিকিউটর।

শনিবার (২০ জুন) রাতে কুয়েতের প্রভাবশালী গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মানবপাচার, ভিসা বিক্রি ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি এমপি পাপুলের মালিকানাধীন কোম্পানি মারাফি কুয়েতিয়ার ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ দিনার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪০কোটি টাকা। এর মধ্যে ৩০ লাখ দিনার আছে কোম্পানিটির মূলধন হিসেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে পাবলিক প্রসিকিউটর কেন্দ্রীয় ব্যাংকের কাছে ওই অর্থ ফ্রিজ করতে আবেদন করেছেন। যাতে পাপুল বা তার নমিনি তা তুলতে না পারেন কিংবা অন্য কোথাও পাচার না হতে পারেন। এছাড়া সরকারের কৌঁসুলিরা মনে করছেন, পরবর্তী সময় এটি মামলার প্রমাণ হিসেবে তাদের জন্য জরুরি।

এদিকে, কুয়েত সরকারের তিন কর্মকর্তা পাপুল মামলায় সরকারি কৌঁসুলির কাছে বক্তব্য দিয়েছে। এদের মধ্যে দুজন ম্যানপাওয়ার কর্তৃপক্ষের কর্মকর্তা এবং একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে, পাপুল প্রতি বছর ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন।

এমবি