ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা তাদের চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আদালতে যাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়াসহ অন্য আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, আগামী সোমবার থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। আইনজীবীরা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আদালতে যাবেন।

এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামছুজ্জামান চৌধুরী কানন বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পেরেছি। অচিরেই সাধারণ সভা করে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে।

এবিএস