আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, রোববার রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের ৩২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী হঠাৎ একতাবদ্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে ডিএমপি। ঘটনার পরদিন ১২ সেপ্টেম্বর গুলশানসহ বিভিন্ন স্থান থেকে সরাসরি মিছিলে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গত রাতের অভিযানে আরও ৩২ জন ধরা পড়ায় দুদিনের অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এমএম