নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী রফিক ভূঁইয়া ওরফে হেলাল হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন স্বপন, নাজমুল, মাসুম, আমিনুল ইসলাম আসিফ ওরফে বাবু, সাজ্জাদ আলম ডলার ও জাকির হোসেন। সাদিয়া নামের এক নারী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে স্বপন, জাকির, আমিনুল ইসলাম, ও সাদিয়া পলাতক রয়েছেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩ জুন পূর্বশত্রুতার জেরে নিজ বাড়ি থেকে রফিক ভূঁইয়াকে ডেকে নিয়ে যান আসামিরা। পরদিন এলাকার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই রতন ভূঁইয়া সাতজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আদালত আজ এই মামলার দায় ঘোষণা করেন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই