বুধবার (৩ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম।
গ্রেফতার দুজন হলেন জুয়েল ওরফে আরিফ এবং আনোয়ার হোসেন। পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর এলাকায় সংঘটিত একাধিক ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরেন দুই বোন। মোহাম্মদপুরের নূরজাহান রোডে বাসার সামনে মালামাল নিয়ে নামার সময় একটি পিকআপে করে আসা তিন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে তাদের জিম্মি করে। পরে একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ এবং আরও একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভুক্তভোগী এক নারী মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জুয়েলকে গ্রেফতার করা হয়। ফুটেজে তাকে ছিনতাই করা ব্যাগ পিকআপে তুলতে দেখা যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও একটি চাপাতি উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, ছিনতাই হওয়া কিছু আলামত উদ্ধার করা গেলেও একটি ট্রলি ব্যাগ ও একটি মোবাইল ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে একই চক্রের আরেক সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপের চালক ও মালিকও এ চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই গ্রেফতার করা হবে।
ফজলুল করিম বলেন, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে বাসস্ট্যান্ড এবং ভোরে যাত্রী নামার স্থানগুলোতে মোবাইল টিম ও টহল দল সক্রিয় রাখা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।
এস