সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা বুফে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস লাইন থেকে লিকেজের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা কয়েকজন দগ্ধ হন।
পরে সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নিয়ে যান।
দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)।
জানা গেছে, দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, “কার কত শতাংশ দগ্ধ হয়েছেন, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
এস