আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের জারি করা রুলের ব্যাখ্যা না দেয়ায় কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসিকে) তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৯ সেপ্টেম্বর তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে আদালত অবমানার ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো.আশফাকুল ইসলামও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে তলবের এই আদেশ দেন।

গত ৪ এপ্রিল আদালতের রায় অনুসারে স্থাপনা অপসারণ না করে নতুন স্থাপনা নির্মাণ করায় চার সচিবসহ ১২ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না-জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়। কিন্তু দুই সপ্তাহ সময় পার হওয়ার পরও রুলের জবাব না দেয়ায় কক্সবাজার জেলার ডিসিকে তলবের আদেশ দেন আদালত।

গত ২৭ ডিসেম্বর একটি দৈনিকে ‘কক্সবাজারে বন বিভাগের জমিতে আবাসন প্রকল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এ আবেদন করে। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেনআইনজীবী ইকবাল কবির লিটন।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়,জমি বন বিভাগের। পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে স্থাপনা নির্মাণে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। তার পরও কক্সবাজারের কলাতলী এলাকায় গড়ে উঠছে জেলা কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের আবাসন প্রকল্প। এরই মধ্যে শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে কাটা পড়ছে ৫১ একর বন।

হাইকোর্টের আদেশ বাস্তবায়নে পরিবেশ আইনবিদ সমিতি গত ১৮ ফেব্রুয়ারি এই আবেদেনর সব বিবাদীকে লিগ্যাল নোটিশ দেয়। এর আগেও একবার লিগ্যাল নোটিস দেয়া হয়। কোনোটিরইজবাব না দেয়ায় আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

ঢাকা, কেএ, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর