ভেজাল সেমাই তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন নিতে এসে হাইকোর্টের নির্দেশেই গ্রেফতার হলেন কামরাঙ্গীচরের দুই ব্যবসায়ী।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন, কামরাঙ্গীচর হুজুরপাড়া কলেজ রোডের নাসির ফুড ইন্ডাস্ট্রিজের মালিক মোঃ নাসির উদ্দিন এবং খালপাড়া কবরস্থান রোডস্থ মিতালী সেমাই ফ্যাক্টরি মালিক মোঃ আলী।

আদেশের পর সুপ্রিমকোর্ট সাবকন্ট্রোল রুমের পুলিশের এসআই সিরাজুল ইসলাম সিরাজ তাদেরকে গ্রেফতার করে।
পরে শাহবাগ থানার এসআই শাহ আলম তাদেরকে নিয়ে যায়, এখন তাদেরকে কামরাঙ্গিচর থানায় পাঠিয়ে দেয়া হবে বলে জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহ আলম।

আদালতে ভেজাল সেমাই কারখানার মালিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাসান আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।

ডিপুর্টি অ্যার্টনি জেনারেল নাজমুল হক বলেন, নকল সেমাই তৈরির অভিযোগের মামলায় তারা হাইকোর্টে জামিন নিতে আসলে আদালত জামিন না দিয়ে ওই মামলায় তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন।

সুপ্রিমকোর্ট সাবকন্ট্রোল রুমের এসআই সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আদালতের নির্দেশ মোতাবেক আমরা তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে নকল সেমাই উৎপাদন এবং তা বাজারজাতকরণের অভিযোগে মামলা রয়েছে।

আদালতের বেঞ্চ সুত্রে জানা গেছে, ভেজাল সেমাই উৎপাদন করে বাজারজাত করার অপরাধে গত ১১ জুলাই কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক আঃ ওয়াদুদ বাদী হয়ে তিন কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, নাসির ফুড ইন্ডাস্ট্রিজের মালিক মোঃ নাসির উদ্দিন এবং খালপাড়া কবরস্থান রোডস্থ মিতালী সেমাই ফ্যাক্টরি মালিক মোঃ আলী এবং হাবিবা ফুড প্রোডাক্টসের মালিক আব্দুর রহমান।

ওইসব ফ্যাক্টরীর তৈরি ৩৬৬ কেজি ভেজাল সেমাই পুলিশ জব্দ করেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

ঢাকা, কেএ, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর