চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তে ফেনসিডিল চোরাচালানের সময় দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় গ্রেপ্তার হয়েছে পাঁচজন।
আজ শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।
আটককৃতরা হলেন জয়নগর গ্রামের ইজাজুল হকের ছেলে জিয়ারুল ইসলাম (২১), মৃত আলামিন শেখের ছেলে হাসমত আলী (৩৫), দিল মোহাম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৬), আইয়ুব আলীর ছেলে লাল্টু শেখ (৩৬) ও আজল আলীর ছেলে মিনারুল ইসলাম (২৩)।
সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে জয়নগর সীমান্তের ন্যারা বটতলা এলাকায় বাংলাদেশি চোরাকারবারি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি। পরে সেখান থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। একই সঙ্গে উদ্ধার করা হয় ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল ও পাঁচটি মোবাইল ফোন।
পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, আটককৃত জিয়ারুল ইসলাম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, ফেনসিডিল চোরাচালানের সময় সুলতানপুরের চোরাকারবারি পলাশ তাদের মালামাল ছিনিয়ে নিতে যেতে চাইলে তখন দুই গ্রুপের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে পলাশ গ্রুপের লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তাদের গ্রুপের মিনারুল ও আরিফ আহত হয়।
তিনি আরও বলেন, আহত দুজনের মধ্যে একজনকে ঘটনাস্থলে পাওয়া গেলেও অপরজন পালিয়ে যায়। আহত মিনারুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আটককৃত পাঁচজনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। মামলায় আটককৃতরা ছাড়াও আরও সাতজনকে পলাতক আসামি করা হয়েছে।
এবিএস





