ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশের অধঃস্তন আদালতের ২০ জন বিচারক, ৫৯ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে সুপ্রিম কোর্টের ২৪ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আইসোলেশনে রয়েছেন ছয়জন বিচারক।

আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য জানান।

যেসব বিচারক আক্রান্ত হয়েছেন তাঁরা হলেন– কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ কিরণ শংকর হালদার, ভোলা জেলা জজ এ বি এম মাহমুদুল হক, আইন মন্ত্রণালয়ের উপসচিব জেলা জজ এস মোহাম্মদ আলী, কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. রেজউল করিম, বরিশালের অতিরিক্ত জেলা জজ মুহাম্মদ মাহবুব আলম, সিলেট যুগ্ম জেলা জজ মাসুদ পারভেজ, নারায়গঞ্জের যুগ্ম জেলা জজ মাসুদ জামান, কুড়িগ্রাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী, নেত্রকোনার সহকারী জজ মো. মেহেদী হাসান, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে, চট্টগ্রাম মেট্টপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমান, নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন, ঢাকার সিনিয়র সহকারী জজ তসরুজ্জামান, খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান, ঢাকা স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম রেজমিন সুলতানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত এসব বিচারকদের সার্বক্ষণিক খোঁজ-খবর এবং সার্বিক সহযোগিতার জন্য প্রত্যেক জেলা জজকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান বিচারপতি অবগত রয়েছেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের নেত্বত্বে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি সার্বক্ষণিক বিচারকদের করোনা সংক্রান্ত খোঁজ-খবর রাখছেন।

এমআর