রাজধানীর কাওরান বাজার মাছের আড়তের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. ফারুক (২৫)।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১টা ২০ মিনিটে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বন্ধুর বলেন, আনুমানিক রাত একটার দিকে স্থানীয় ছিট্টু, সাব্বিরসহ ৪/৫ জন তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক মাছ ব্যবসা করতেন। কাওরান বাজার মোল্লা বাড়ি এলাকায় স্ত্রী ফিরোজা ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে।