সারা দেশে হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন গুলশান থানা পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. খুরশীল আলম প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। মামলার অপর আসামিরা
হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন।
ওই দিন আদালত গুলশান থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন পত্রিকার সংবাদের উদ্ধৃতি দিয়ে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হত্যাকাণ্ডের দায়ভার একটি দলের প্রধান হিসেবে খালেদা জিয়াসহ অপর তিন আসামির ওপর বর্তায়। অন্যদিকে অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল দিয়ে মানুষ হত্যা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
মিথ্যা তথ্যে ভুয়া জন্মদিন পালন মামলা : মিথ্যা তথ্যের ভিত্তিতে জন্মদিন পালনের মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন একই আদালত।
এদিন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ তা দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন।
জারিফ





