কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া ফরেস্ট অফিসের সামনে থেকে ৩ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিকাল ৪টার দিকে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মো. ইউনুছ ও মোহাম্মদ ইসলাম।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. নাজমুস সাদাত সৌম্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া হতে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশি করে দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ একানব্বই হাজার টাকা। আটক ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই