ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত মাহমুদা খাতুন ও শরিফুল ইসলামের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেনসিএমএম আদালত।

রোববার বিকালে তাদের ঢাকার সিএমএম আদালতে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ হত্যায় জড়িত সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া থেকে মাহমুদা খাতুন ও শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার রাতে নুরুল ইসলাম ফারুকীকে হত্যার আগে এক নারী তার বাড়িতে ঘুরে গিয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছিলেন, মাহমুদাই ওই নারী বলে মনে করা হচ্ছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ